মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ভেটখালী গ্রামে বজ্রপাতে আব্দুল হাকিম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আয শনিবার (৬ জুন) দুপুরে বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হাকিম শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের বাসিন্দা ও লুৎফর গাজীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আকাশে ঘন কালো মেঘ জমে এবং আবহাওয়ার অবনতি হতে থাকে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে আব্দুল হাকিম একটি মৎস্যঘেরের ভেড়িতে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী ও স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে খোলা মাঠ, মৎস্যঘের ও নদী-খালের আশপাশে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। তাই বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানান তারা।
এদিকে, আব্দুল হাকিমের অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


