সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের বাবা–ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মা ও মেয়ে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশাচালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)।
আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও কন্যা রুপা মনি দাস (১২)।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন বিপুল। ঢাকাগামী বাস থেকে ভোরে বগুড়ায় নামার পর নারচী গ্রামের দিকে যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিকশা ভাড়া নেন তারা। পথে ফুলবাড়ি কাঠালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে মুহূর্তেই সেটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মারা যান চালক শুকুর আলী। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান বিপুল ও তার ছেলে বিপ্লব।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, এ সড়কে অতিরিক্ত গতির ট্রাক চলাচল এবং চালকদের বেপরোয়া আচরণের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত প্রশাসনিক তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।



