হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার সরকারি বিআরডিবি যমুনা আবাসিক কোয়ার্টারের একটি বাসায় ভিক্ষুকের ছদ্মবেশে ঢুকে নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল কাদির ও শিরিনা আক্তার দম্পতি স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক। প্রতিদিনের মতো তারা সকালে নিজ নিজ কর্মস্থলে চলে গেলে বাসায় একা ছিলেন তাদের দশম শ্রেণির শিক্ষার্থী ছেলে মো. কায়সার (১৬)। পরিবার সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে শিক্ষক দম্পতি বাসায় ফিরে এসে ভেতরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। এ সময় তাদের ছেলে কায়সারকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় ঘরের সোফায় পড়ে থাকতে দেখা যায়। তার পাশ থেকে ঘুমের ওষুধের একটি খালি পাতাও উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কায়সারের ভাষ্য অনুযায়ী, সকালে বোরকা পরিহিত এক নারী ভিক্ষা চাইতে বাসার সামনে আসেন। তিনি ওই নারীকে ১০ টাকা দিলে তিনি জানান, তার সঙ্গে আরও একজন রয়েছেন। এরপর দরজা খোলার সুযোগে দুজন ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে অচেতন করে ফেলে। এরপর কী ঘটেছে, তা তার মনে নেই।
শিক্ষক আব্দুল কাদির জানান, বাসায় থাকা প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা খোয়া গেছে। তবে ছেলের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এ মুহূর্তে ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব দেওয়া সম্ভব হচ্ছে না। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা এবং হোসেনপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


