কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উত্তর কুড়িমামা গ্রামের সুরুজ আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে হোসেনপুর উপজেলা সদর বাজারে ব্যবসার কাজ শেষে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আসলাম। রাত প্রায় ১২টার দিকে পৌর সদরের খাদ্য গুদাম চৌরাস্তা এলাকায় সড়ক পার হওয়ার সময় অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পর শুক্রবার (৬ মার্চ) ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



