জেলা প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে সর্বনাশা মাদক ক্রিস্টাল মেথ (আইস)-এর এক বিশাল চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। অভিযানে আনুমানিক ১৫ কোটি টাকা মূল্যের ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১টি হস্তচালিত কাঠের নৌকা এবং ২টি মোবাইল ফোনসহ এক মিয়ানমার নাগরিককে হাতেনাতে আটক করা হয়েছে।
শনিবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সাবরাং বিওপি সংলগ্ন নাফ নদী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী অতিক্রম করে সাবরাং এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ খবরের ওপর ভিত্তি করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল অত্যাধুনিক ফ্যান্টম বোট যোগে নাফ নদীতে কৌশলগত স্থানে অবস্থান নেয়।
পরবর্তীতে সকাল ৭:০০ ঘটিকার দিকে প্রযুক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে মিয়ানমার জলসীমা থেকে একটি কাঠের নৌকাকে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেখা যায়। বিজিবির নৌ-টহলদল তাৎক্ষণিক এগিয়ে গিয়ে নৌকাটিকে চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ৩ জন চোরাচালানকারী নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে বাংলাদেশের ভেতরে পালিয়ে যায়। তবে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে মাদক কারবারের সাথে জড়িত ১ জন মিয়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হন।
আটককৃত ব্যক্তি মিয়ানমারের মংডু থানার পুইমালি গ্রামের ফজল করিম ও মরিয়ম খাতুনের ছেলে মোঃ শাহ আলম (৫০)।
পরবর্তীতে কাঠের নৌকাটিতে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা গোপন কুঠুরিতে অত্যন্ত কৌশলে লুকানো ৩টি প্যাকেট থেকে মোট ৩ কেজি ভয়াবহ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। বিশেষ করে ক্রিস্টাল মেথ (আইস)-এর মতো ভয়াবহ মাদকের পাচার রোধে আমাদের গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিগত পর্যবেক্ষণ এবং নৌ-টহল আরও জোরদার করা হয়েছে এবং এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত আলামতসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।


