এস. এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। বুধবার সকালে, প্রায় ৯টার দিকে, ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলের একটি ধানক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। মরদেহটির গলা কাটা, মুখ পুড়ানো এবং বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল রব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় কৃষকদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো তারা সকালে মাঠে কাজ করছিলেন। সে সময় মনির জমিতে প্রথম মরদেহটি নজরে আসে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতেই ওই ব্যক্তিকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।
কৃষক রাজা আলী বলেন, “সকালে সার ও বীজ দিতে এসে পাশের জমিতে পুতুলের মতো কিছু দেখে কাছে যাই। গিয়ে দেখি মধ্যবয়সী এক ব্যক্তির মরদেহ। পরে কৃষক রুহুল শেখের মাধ্যমে পুলিশকে খবর দিই।”
ওসি মো. আবদুল রব তালুকদার জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।



