বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: মোঃ রুবেল হোসেন
দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসাথে ৮ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন। এতে করে উপজেলার স্বাস্থ্যসেবায় নতুন গতি ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন নবনিযুক্ত চিকিৎসকরা। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রউফ ফুল দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
নবযোগদানকৃত চিকিৎসকরা হলেন ।
ডাঃ মোঃ মিয়াদ হাসান (মেডিকেল অফিসার, গাইনী অ্যান্ড অবস),
ডা. ই. এম. নাঈম সাকির (মেডিকেল অফিসার, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজি),
ডা. মোস্তাফিজুর রহমান (মেডিকেল অফিসার, মেডিসিন),
ডাঃ মোঃ শাহরিয়ার আল কাউম (মেডিকেল অফিসার, মেডিসিন),
ডাঃ মোঃ ইরফান উদ্দিন (ইমারজেন্সি মেডিকেল অফিসার),
ডাঃ জান্নাতুন নেয়ামা (মেডিকেল অফিসার, ডেন্টাল),
ডাঃ আন্না আক্তার রত্না (মেডিকেল অফিসার, সার্জারি)
এবং ডাঃ মামুনুর রশিদ (মেডিকেল অফিসার, পেডিয়াট্রিক্স)।
এর আগে হাসপাতালটিতে মাত্র ৬ জন চিকিৎসক কর্মরত ছিলেন। নতুন ৮ জন চিকিৎসক যোগ দেওয়ায় চিকিৎসকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে দীর্ঘদিনের জনবল সংকট অনেকটাই কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে গাইনী, সার্জারি, শিশু, অর্থোপেডিক্স ও জরুরি বিভাগে চিকিৎসাসেবার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসক সংকটের কারণে এতদিন বহির্বিভাগ ও জরুরি বিভাগে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছিল। নতুন চিকিৎসকরা যোগদান করায় রোগীর চাপ সামাল দেওয়া সহজ হবে এবং সেবার গতি বাড়বে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রউফ বলেন, একসাথে ৮ জন চিকিৎসক যোগদান করায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও উন্নত হবে। এতদিন চিকিৎসক সংকটের কারণে রোগীদের পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা দিতে কিছুটা বেগ পেতে হয়েছে। এখন গাইনী, মেডিসিন, সার্জারি, শিশু, অর্থোপেডিক্স ও ইমারজেন্সি বিভাগে নিয়মিত ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদান সম্ভব হবে।
তিনি আরও আশা প্রকাশ করেন, নতুন চিকিৎসকদের যোগদানে সাধারণ মানুষ এখন আরও দ্রুত, মানসম্মত ও উন্নত চিকিৎসাসেবা পাবেন।



