মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি :–
নোয়াখালীর সেনবাগ উপজেলার বকশির হাট এলাকায় গৃহবধূ বিবি কুলসুম শিমলা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় আয়োজিত এ মানববন্ধনে রফিকপুর ও আশপাশের এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, গত ২ মার্চ পুর্ব রফিকপুর গ্রামের মেয়ে বিবি কুলসুম শিমলাকে তার স্বামী ও শ্বশুর পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনার পর থেকেই শিমলার পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
বক্তারা বলেন, একটি নিরপরাধ মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ন্যায়বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় শিমলার বাবা-মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা আমাদের মেয়েকে হারিয়েছি। এখন শুধু চাই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে আর কোনো পরিবারকে এমন কষ্ট সহ্য করতে না হয়।”
এ বিষয়ে আবুল বাশার জানান, প্রাথমিকভাবে এটি অপমৃত্যুর মামলা হিসেবে প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা সবাই শিমলা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান।



