এম কে হাসান জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার জেলার রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাজারকুল ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামু উপজেলার রাজার কুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঞ্জেখানা ঢালার মুখ আদর্শ গ্রাম এলাকায় দুবাই প্রবাসী মো. জসিম উদ্দিন এর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তাকিব। গতরাত (১৫ এপ্রিল) আনুমানিক রাত ১০টার দিকে তাকিব এর সাথে তার স্ত্রী রুবায়েত সারমিন মনি এর ঝগড়া হয়। কলহের এক পর্যায়ে তাকিব তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
ধারণা করা হচ্ছে, বুধবার রাত ১১টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে যে কোনো সময় তিনি ঘরের সিলিং এর এঙ্গেল এর সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
নিহত ইসমত হোসাইন তাকিব কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের মৃত মো. মহসিন এর পুত্র। তিনি দীর্ঘ দিন ধরে স্বপরিবারে রামুর রাজার কুলে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ভাষ্য মতে, নিহত তাকিব বেশ কিছু টাকা ঋণ গ্রস্ত ছিলেন। এই ঋণের বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও পারিবারিক কলহের অশান্তি লেগেই থাকত। ঋণের বোঝা সইতে না পেরে এবং পারিবারিক কলহের জেরে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এ দিকে খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিশ্চিত করেছেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হবে।


