চাই সুই উ মারমা । রাঙ্গামাটি প্রতিনিধি।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। আজ সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর বরাবরে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা রকম শারীরিক অসুস্থতায় ভুগছেন। এই অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দাপ্তরিক কর্মকাণ্ড এবং গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কাজগুলো সুচারুভাবে পরিচালনা করতে তাকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখার স্বার্থে এই গুরুত্বপূর্ণ পদে তার আর বহাল থাকা সমীচীন হবে না বলে তিনি মনে করছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি অত্যন্ত বিনীতভাবে তাকে মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।
পদত্যাগপত্রে বিদায়ী এই মন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যেন কোনোভাবেই ব্যাহত না হয় এবং পার্বত্য অঞ্চলের প্রশাসনিক কাজ যেন নির্বিঘ্ন ও গতিশীল থাকে, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী দ্রুত প্রয়োজনীয় ও উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রটি জমা দেওয়া হলেও তা গ্রহণের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। বর্তমানে বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।


