কিশোরগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ স্কাউটসের রোভার কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ কিশোরগঞ্জ জেলা ‘শতভাগ রোভার জেলা’ হিসেবে সম্মাননা অর্জন করেছে। এ অর্জনের মাধ্যমে দেশের রোভার স্কাউটিং কার্যক্রমে কিশোরগঞ্জ নতুন এক মাইলফলক স্পর্শ করেছে।
মঙ্গলবার (১৬ জুন) গাজীপুর জেলার বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন গার্ল-ইন-স্কাউটের সাবিনা ইয়াসমিন। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল জানায়, জেলার রোভার ইউনিটসমূহে সদস্য বৃদ্ধি, কার্যক্রমের বিস্তার, নেতৃত্বের বিকাশ এবং স্কাউটিংয়ের গুণগত মান উন্নয়নে ধারাবাহিক অবদান রাখার স্বীকৃতি হিসেবে কিশোরগঞ্জকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিটে দীর্ঘদিন ধরে রোভার কার্যক্রমকে আরও কার্যকর ও প্রাণবন্ত করতে নিরলস প্রচেষ্টা চালানো হয়েছে। সেই সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবেই এ গৌরবজনক স্বীকৃতি অর্জিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলা রোভার পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের সম্পাদক আবুল খায়ের সরকার, সহ-সভাপতি প্রফেসর মো. লুতফুর রহমান আশিক, আঞ্চলিক উপ-কমিশনার (সংগঠন) শিকদার রুহুল আমীন, আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) মোস্তাফিজুর রহমানসহ দেশের বিভিন্ন জেলার রোভার নেতৃবৃন্দ। স্কাউট নেতারা আশা প্রকাশ করেন, এ অর্জন কিশোরগঞ্জের রোভার সদস্যদের আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে জেলার স্কাউটিং কার্যক্রমকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখবে।


