নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের রাজারহাট এলাকায় একটি ওয়ার্কশপে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে কোতোয়ালি থানার রাজারহাট ট্রেনিং মাঠ এলাকায় অবস্থিত একটি ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি যশোর সদর উপজেলার রামনগর এলাকার জাবেদের ছেলে শাকিব (২৫)। তিনি পেশায় ওয়ার্কশপের শ্রমিক ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কাজ করার সময় দুর্ঘটনাবশত বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


