এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
সারা দেশের ন্যায় কক্সবাজারেও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৪ লাখ ৯৩ হাজার ৩১৫ জন শিশুকে বয়সভেদে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক এ টি এম নুরুল বশর।
প্রধান অতিথির বক্তব্যে এ টি এম নুরুল বশর বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ৬ মাস থেকে ৫ বছর বয়সী কোনো শিশুই যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। দেশে একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করার কারণেই আজ এত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে এই আয়োজন সফল করা সম্ভব হচ্ছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজারের দশটি উপজেলার ১ হাজার ৮২৪টি কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইন চলছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬১ হাজার ৮৩৫ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩১ হাজার ৪৮০ জন শিশুকে একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম আল ইমরান, জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, ইউনিসেফের চিফ ফিল্ড অফিসার দীপিকা মেহেরিশ শর্মা, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মিয়া এবং কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান।
সিভিল সার্জন কার্যালয় জানায়, এই ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ইউনিসেফ, কক্সবাজার পৌরসভা ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শেড’ (SHED) সার্বিক সহযোগিতা প্রদান করছে।


