রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
১১ জুলাই ২০২৬
কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে রবিবার (১২ জুলাই) বিকেল আড়াইটায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. প্লাবন রায়, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান, আলোকিত রাজারহাট-এর সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত এবং সাংবাদিক রতন রায় ও আকবর আলী।
বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিত জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সম্প্রসারণ এবং তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার পরিকল্পনা সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ে বিশেষ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ চাকিরপশার ইউনিয়ন পরিষদ, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের তিন কর্মকর্তা-কর্মচারীর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


