জেলা প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার ‘সি স্পোর্টস’ প্যারাসাইলিং পয়েন্টে রাইড উপভোগের সময় ছিটকে সাগরে পড়ে শৌভিক রায় নামে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১ লা আগষ্ট শনিবার বেলা সাড়ে ১২-৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শৌভিক রায়ের বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে। তিনি ৯ সদস্যের একটি পর্যটক দলের সাথে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দরিয়ানগর পয়েন্টে প্যারাসাইলিং চলাকালে হঠাৎ নিরাপত্তা সরঞ্জাম (সেফটি গিয়ার) থেকে ছিটকে সরাসরি সমুদ্রে পড়ে গুরুতর আহত হন শৌভিক রায়। পরে ‘সি স্পোর্টস’ প্যারাসাইলিং কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এ দুর্ঘটনায় নিহতের সহযাত্রী, স্বজন ও সফরসঙ্গীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
একই পয়েন্টে বারবার দুর্ঘটনা, স্থানীয়দের ক্ষোভ, প্রশাসনের নিক্রিয় ভূমিকা:- কক্সবাজারে দীর্ঘদিন ধরে প্যারাসাইলিং কার্যক্রম চালু থাকলেও এখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, অতীতেও সি স্পোর্টস নামক এই একই প্রতিষ্ঠানের প্যারাসাইলিং কার্যক্রমে একাধিক দুর্ঘটনার নজির রয়েছে, যা নিয়ে দেশজুড়ে পর্যটন সেলের মনিটরিং ও গাফিলতি নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, বারবার দুর্ঘটনার পরও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে কোনো টেকসই পদক্ষেপ নেওয়া হয়নি এবং দায়ীদের বিরুদ্ধেও কোনো দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ধরনের নেতিবাচক দূর্ঘটনার কারনে হুমকির মুখে কক্সবাজারের পর্যটন শিল্প বলে মনে করছেন সংশ্লিষ্টরা, এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা শুধু পর্যটকদের জীবনকেই ঝুঁকিতে ফেলছে না, বরং দেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র কক্সবাজারের নিরাপদ ব্যবস্থাপনা নিয়ে দেশ-বিদেশে চরম নেতিবাচক বার্তা দিচ্ছে । এ জাতীয় অব্যবস্থাপনার কারণে দিন দিন দেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং দেশি-বিদেশি পর্যটকরা আস্থার সংকটে পড়ছেন, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় পর্যটন ব্যবসার ওপর।
এ ঘটনার বিষয়ে জেলা প্রশাসন, পর্যটন কর্তৃপক্ষ কিংবা ‘সি স্পোর্টস’ প্যারাসাইলিং কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ও কারও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শীঘ্রই তদন্ত কাজ শুরু করবে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।


