জেলা প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজার শহরকে দূষণমুক্ত ও বাসযোগ্য রাখার লক্ষ্যে শহরের কেন্দ্রস্থলে গড়ে তোলা ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। ১৯ আগস্ট বুধবার সকাল ১১টায় কক্সবাজার পৌরসভার সামনে আমরা কক্সবাজারবাসী নামের একটি নাগরিক সংগঠনের আয়োজনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি তুলে ধরা হয়। মানববন্ধন কর্মসূচি শেষে শহরের পরিবেশ রক্ষা ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে জেলা প্রশাসক মো. আ. মান্নান এবং পৌর প্রশাসক মো. শামীম আল ইমরান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।
সংগঠনটির শহর কমিটির সভাপতি মমতাজ সফিনা আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল রিফাত। এতে কক্সবাজারের সর্বস্তরের নাগরিক, পরিবেশবাদী আন্দোলনের কর্মী, পেশাজীবী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা কমিটির সভাপতি জাফর আলম দিদার, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান এবং ‘আমরা কক্সবাজারবাসী’ জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন।
‘আমরা কক্সবাজারবাসী’ সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন বলেন, “দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে জনবহুল শহরের ভেতরের আবাসিক ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় ময়লা-আবর্জনা ফেলার কারণে চারপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বাতাসে ছড়ানো দুর্গন্ধে আশেপাশের বাসিন্দা, ব্যবসায়ী এবং জেলায় ঘুরতে আসা পর্যটকদের জনজীবন চরম অতিষ্ঠ হয়ে উঠেছে।” তিনি অবিলম্বে এই ডাম্পিং স্টেশন আবাসিক এলাকা ও মূল শহর থেকে দূরে কোনো নির্জন সুবিধাজনক স্থানে স্থানান্তরের দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আমরা কক্সবাজারবাসী’-এর সহসভাপতি মাহবুবুর রহমান ও মিজানুর রহমান চৌধুরী, শহর কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সামাজিক সংগঠন ছায়ানীড়ের সভাপতি কল্লোল দে, ‘আমরা কক্সবাজারবাসী’-এর সহসভাপতি জাহেদুল ইসলাম লিটন, চেম্বার অব কমার্সের পরিচালক সেলিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা ফারুক আজম, সংগঠক মাহবুবুর রহমান সোহেল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জোবায়দা আকতার, সহসভাপতি শামিম আকতার শিমু, সাংবাদিক শফিকুর রহমান, শহর কমিটির মো. শওকত আজম, সংগঠক রোজি চৌধুরী, শহর শ্রমিক দলের আহ্বায়ক আমানত শাহ, নুরুল আমিন দুদু, মো. সোহেল, দেলোয়ার হোসেন মামুন ও আব্দুল মালেক প্রমুখ।
কর্মসূচি শেষে অংশ গ্রহণকারীদের মধ্য থেকে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপি গ্রহণ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিয়ে দ্রুত পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়। তবে মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী অল্প সময়ের মধ্যে ডাম্পিং স্টেশন স্থানান্তরে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।


