জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের এক সফল যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস), ইয়াবা ট্যাবলেট এবং বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এই মেগা চালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ কোটি টাকা।
অভিযানের বিবরণ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ এবং বিসিজি আউটপোস্ট শাহপুরী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারী চক্র সটকে পড়ার চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে এক কারবারিকে ধরে ফেলে। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে প্রস্তুত রাখা বিপুল পরিমাণের এই মাদকের চালান জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকের পরি মালামাল গুলোর মধ্যে রয়েছে:- ক্রিস্টাল মেথ (আইস): ১৪ কেজি (আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ কোটি টাকা), ইয়াবা ট্যাবলেট: ৫,০০০ পিস (আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা) এবং বিদেশি মদ: ২০ বোতল ।
উদ্ধারকৃত আলামত এবং আটককৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে মাদকের অনুপ্রবেশ, মানব পাচার ও যেকোনো ধরনের চোরাচালান বন্ধে তাদের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


