জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কাউসার আলম নামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গত ১৪ সেপ্টেম্বর রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউসারের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে সাতজনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় অভিযোগ করেছেন। পুলিশ অভিযুক্ত শামসুল হক রুবেলকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ওই রাতে কাউসার আলম সুজাতপুর নতুন রাস্তার মাথা সংলগ্ন মাঝিপুকুরপাড়ের সড়কে হাঁটছিলেন। এ সময় একই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে শামসুল হক রুবেলসহ কয়েকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে রুবেলের সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে কাউসারকে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
অভিযোগের পর ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে রুবেলকে আটক করে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে হামলাকারীদের শাস্তির দাবিতে বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুজাতপুর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয়রা। এতে যুব নেতা হুমায়ুন কবির সুজন, ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন, হাফেজ নাজিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা জহিরুল কাইয়ুম শাহিন, মাওলানা ইব্রাহিম, আরিফুর রহমান মুনসুর,সাইয়্যিদ রেজাউল করিম,সাইফ মিলন,খোকন ও আমান উল্লাহসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। বক্তারা মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত ও হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান।


