জেলা প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মাদক পাচারের এই বড় চালান আটকের পাশাপাশি এ ঘটনায় ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের বোট এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার ১১ ই নভেম্বর সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আলো গোলা জোড়া এলাকা সংলগ্ন নাফ নদীতে এই সফল অভিযান পরিচালিত হয়। পরে দুপুরে টেকনাফ স্টেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন সাংবাদিকদের সামনে পুরো বিষয়টি নিশ্চিত করেন।
অভিযানের নেপথ্য ও গোয়েন্দা তথ্য:-
কোস্ট গার্ডের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা রক্ষা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি কোস্ট গার্ডের কাছে গোয়েন্দা তথ্য আসে যে, প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই তথ্যের ভিত্তিতে নাফ নদী ও এর আশপাশের সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়।
যেভাবে পরিচালিত হয় অভিযান:-
প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করে বুধবার ভোর থেকে টেকনাফ স্টেশন কোস্ট গার্ডের একটি বিশেষ আভিযানিক দল নাফ নদীর নির্দিষ্ট পয়েন্টে অবস্থান নেয় এবং সতর্ক পাহারা বসায়।
সকাল ৬টা থেকে ৯টার মধ্যকার কোনো একসময়ে সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি কোস্ট গার্ড সদস্যদের নজরে আসে। তাৎক্ষণিক ভাবে কোস্ট গার্ড সদস্যরা বোটটির কাছাকাছি গিয়ে থামার সংকেত দেন। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি সংকেত অমান্য করে অত্যন্ত দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।
পরিস্থিতি বুঝে কোস্ট গার্ড সদস্যরা তাৎক্ষণিকভাবে বোটটিকে ধাওয়া করেন এবং সাবরাং আলোগোলা জোড়া এলাকা সংলগ্ন নাফ নদী থেকে বোটটিকে ঘিরে ফেলে আটক করতে সক্ষম হন।
উদ্ধারকৃত আলামত ও আটক ব্যক্তিরা:-
সন্দেহজনক বোটটি আটকের পর সেখানে তল্লাশি চালায় কোস্ট গার্ডের বিশেষ দল। তল্লাশিতে বোটের বিভিন্ন অংশে অভিনব কায়দায় লুকানো অবস্থায় প্রায় ১০ কোটি টাকা বাজারমূল্যের ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে আটক দুই ব্যক্তি হলেন:-
নুর মোহাম্মদ (৫০), পিতা- আবদুল হামিদ, সাং- মৌলভীপাড়া, ৮ নম্বর ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন ও
নজির আহম্মদ (৪১), পিতা- মৃত ঠান্ডা মিয়া, সাং- মৌলভীপাড়া, টেকনাফ সদর ইউনিয়ন।
আইনগত প্রক্রিয়া ও ভবিষ্যৎ পদক্ষেপ:-
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার এই চালানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত মূল হোতা, অন্যান্য মাদক ব্যবসায়ী এবং তাদের সহযোগীদের চিহ্নিত করতে এবং আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
জব্দ করা ২ লাখ পিস ইয়াবা, মাদক পাচারে ব্যবহৃত ইঞ্জিনচালিত কাঠের বোট এবং আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানানো হয়, দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদকের ভয়ংকর বিস্তার রোধ, চোরাচালান নির্মূল এবং একটি নিরাপদ উপকূল নিশ্চিত করতে কোস্ট গার্ডের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।



