আতাউল গণি, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ :
নদীর নাব্যতা সংকট নিরশনে সরকারি উদ্যোগে কিশোরগঞ্জের অষ্টগ্রামে ধলেশ্বরী নদী খনন কাজ চলমান । সে খননের মাটি দ্বারা একটি প্রভাবশালী মহল ভরাট করে চলেছে উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের পাশ দিয়ে বহমান শতবর্ষী ঐতিহাসিক কুড়ের খাল। ফলে সৃষ্টি হতে পারে নানা দূর্ভোগ যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী এলাকাবাসী। আজ (বৃহস্পতিবার) অষ্টগ্রাম জিরো পয়েন্টে সংবাদ সম্মেলন করেন মনোহরপুর গ্রামবাসী।
সংবাদ সম্মেলনে এলাকাবাসী অভিযোগ করেন -গ্রামে প্রায় তিন হাজার জনসংখ্যার বাস। অধিকাংশ গ্রামবাসী যুগ যুগ ধরে এ খালে গোসল, গরু-বাছুর ধৌত করা সহ গৃহস্থালীর নানা কাজে ব্যবহার করে আসছে। এমনকি কৃষি জমিতে সেচ কাজেও এ খালের পানি ব্যবহার করা হয়। খালটি ভরাট হলে চরম দূভোর্গের শিকার হবে এলাকাবাসী। সেচের অভাবে কৃষি কাজ ব্যহত হবে। আগুন লাগলে পানি পাবে না। পয়-নিষ্কাশন বাধাগ্রস্থ হয়ে পরিবেশ বিপর্যয়, জলাবদ্ধতা সৃষ্টি, গৃহস্থালীর নানা কাজে মারাত্মক সমস্যার সম্মুখীন হবে তারা। তাছাড়া প্রচলিত আইনে খাল ভরাটের কোন বিধান না থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের কোন অনুমতি ছাড়াই সরকারি খালটি ভরাট করে চরম দূর্ভোগের সৃষ্টি করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তারা।
তারা বলেন ক্ষমতার দাপট দেখিয়ে একটি প্রভাবশালী মহল বিআইডব্লিউটিএ এর দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে টাকার বিনিময়ে ম্যানেজ করে খালের একাংশে মাটি আটকানোর ভান করে ধলেশ্বরী নদী খননকৃত মাটি দ্বারা খালটি ভরাট করে চলেছে। ফলে অষ্টগ্রাম-চাতলপাড় মূল সড়কের একটি খালভার্ট বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তাছাড়া নালিশা এসএ 274/2 দাগে 30শতাংশ ভূমির উপর মাটি ভরাট কিংবা কোনরূপ ব্যবহারে বিজ্ঞ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্বেও আদালতের আদেশ অমান্য করে জোর পূর্বক তারা মাটি ভরাট করছে। খাল ভরাট রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান এলাকাবাসী্


