মো:ফারুক আহমেদ (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে এক মাদক বিক্রেতাকে দুই বছরের ও এক মাদক সেবনকারী কে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের তত্ত্বাবধানে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালুকটিয়া এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে মামলা দায়ের করা হয়। মাদক বিক্রির অভিযোগে উপজেলার ভালুকটিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. আব্দুল মালেক কে আদালত দুই বছর কারাদণ্ড এবং ৫,৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই অভিযানে মাদক সেবনের দায়ে উপজেলার কষ্টাপাড়া গ্রামের : মৃত সমেশের ছেলে শুক্কুর (২৭) কে ছয় মাস কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে অবহিত করে ভারপ্রাপ্ত ইউএনও মো. রাজিব হোসেন জানান, যে, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য।


