ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর এলাকার লাহিড়ী পাড়ায় গতকাল সোমবার বিকেলে পৌর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ফুলবাড়িয়া আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুল করিম সরকার। তিনি তাঁর বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরার আহ্বান জানান।
আব্দুল করিম সরকার বলেন, “ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ। যেখানে মারামারি, হানাহানি কিংবা প্রতিহিংসার রাজনীতি থাকবে না। সকলের অংশগ্রহণে গড়ে উঠবে শান্তিপূর্ণ ও উন্নত দেশ।”
সভায় ওয়ার্ড বিএনপি নেতা মোঃ ইয়াকুব আলী মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশিকুল হক আশিক, ফুলবাড়িয়া উপজেলা উলামা দলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবু সাঈদ মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনকে আরো বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।



