এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুড়িয়া গ্রামে ছাগল বিক্রির টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে স্থানীয় জেলে শম্ভু চরণ বিশ্বাস (৭২) পূজা উপলক্ষে তার বাড়ির একটি ছাগল বিক্রি করেন কুমারখালীর বাঁশগ্রাম বাজারে। ওই টাকার অর্ধেক ভাগ দাবি করেন তার ছেলে বিজয় কুমার বিশ্বাস (৩২)। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে শম্ভু চরণ বিশ্বাস উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান।
এরপর বাবার মৃত্যুতে শোকে ভেঙে পড়েন ছেলে বিজয় কুমার বিশ্বাস। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত আড়াইটার দিকে তিনি বাড়ির পেছনের একটি বাদাম গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত চালায়। পরিবারের সদস্য ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যে ঘটনার সত্যতা মেলে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জেলা পুলিশ।



