মো:ফারুক আহমেদ, ঘাটাইল (টাঙ্গাইল)
টাঙ্গাইলে আগাম শীতের আভাস পাওয়া যায়। প্রকৃতিতে এখন শরৎকাল চলছে। এ সবময় আকাশ কখনো মেঘে ঢাকা, কখনো আবার উজ্জ্বল নীলিমায় ভরপুর। এরই মধ্যে নামে হালকা বৃষ্টি। রোদ, মেঘ আর বৃষ্টির এই খেলা যেন ঋতুবদলের আয়োজন করেছে প্রকৃতিতে। তাই কুয়াশাচ্ছন্ন ভোরের নরম চাদর আর হালকা হিমেল হাওয়ায় প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) ভোর থেকে সকাল সাতটা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে। জেলা সদরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, গাছের পাতা ও সবুজ ধানের ক্ষেত শিশির বিন্দুতে ভিজে রয়েছে। দিনমজুর ও কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে টের পেয়েছেন শীতের আগাম স্পর্শ। প্রকৃতি যেন আগেভাগেই শীতকে আমন্ত্রণ জানাচ্ছে। কাশফুল, শিশিরবিন্দু এবং মৃদু কুয়াশার মিলন শরতের সৌন্দর্যকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। পাশাপাশি প্রকৃতির এই পরিবর্তন শুধুই দৃশ্যমান সৌন্দর্য নয়, বরং আসন্ন শীতের আগমনের প্রাকৃতিক বার্তাও বয়ে এনেছে।



