উমংনু মারমা, জেলা প্রতিনিধি: বান্দরবান।
বান্দরবানের রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন প্রোগ্রাম ম্যানেজার উবাসাই মারমা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক বোধিচন্দ্র তংঞ্চঙ্গ্যা, ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগাম ম্যানাজার প্রকাশ চাম্বুগন। এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাজমিন আলম তুলি বলেন, শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে উঠা, তাদের মতামতের গুরুত্ব দেওয়া এবং শারীরিক ও মানসিক নির্যাতনমুক্ত সমাজ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।

শিশুরা আগামী দিনের কর্ণধার। শিশুর শারীরিক, মানসিক, সাংস্কৃতিক, শিক্ষার বিকাশসহ সকল অধিকার রক্ষায় আমাদের কাজ করতে হবে। তবেই এই শিশু দিবস উদযাপন সার্থক হবে। শিশুর প্রতি কোন কিছু জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। শিশুরা স্নেহ-মমতা, জ্ঞান-বিজ্ঞান ও মুক্ত চিন্তা-চেতনায় সমৃদ্ধ হয়ে গড়ে উঠলে আগামী দিনের বিশ্বে তার ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সিনিয়র শিক্ষক বোধিচন্দ্র বলেন, আমরা বাসযোগ্য ও শিশুবান্ধব পৃথিবী রেখে যেতে চাই। প্রতিটি পরিবার, স্কুল, প্রতিষ্ঠান হবে শিশুবান্ধব। আমাদের শিশুরাই একদিন এই বাংলাদেশকে শীর্ষ স্থানে নিয়ে যাবে।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।



