এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
র্যাবের অভিযানে উদ্ধার নগদ ১৩ হাজার টাকাও
কুষ্টিয়া, ইবি থানাধীন হরিনারায়নপুরে ৫০ পিস ইয়াবা এবং নগদ ১৩ হাজার টাকাসহ মো. আশিক (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে হরিনারায়ণপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত আশিক এলাকার মৃত বাবলু (ড্রাইভার) এর ছেলে।
অভিযান-পরবর্তী ব্রিফিংয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার বলেন,
আমরা বেশ কিছুদিন ধরে এই এলাকায় মাদক চক্রের গতিবিধি নজরে রাখছিলাম। গোপন তথ্য নিশ্চিত হওয়ার পর অভিযান চালানো হয়। আশিকের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা ও টাকা তার ব্যবসার সরাসরি প্রমাণ। মাদকের বিরুদ্ধে র্যাবের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে এই এলাকায় মাদকের ছোবলে যে প্রাণহানি ঘটেছে, তা আমাদের আরও সতর্ক করেছে। স্থানীয়দের সহযোগিতা এবং সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। জনগণ পাশে থাকলে মাদক নির্মূল করা সম্ভব।
গত ১৯ নভেম্বর একই এলাকায় মাদকের প্রভাবে শৈয়ব নামে এক যুবকের মৃত্যু ঘটে। সেই ঘটনার পর থেকেই হরিনারায়ণপুর ইউনিয়নের বাসিন্দারা একজোট হয়ে মাদকবিরোধী অবস্থান নেন। র্যাবের এ সফল অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত এমন অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।



