মোঃ কামরুল হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক কে ছয় লেনে উন্নীত করণের দাবিতে কক্সবাজার শহরের প্রবেশ মুখ লিংক রোড পয়েন্টে আজ শনিবার সকাল থেকে সড়ক ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে। ‘চট্টগ্রাম–কক্সবাজার সড়ক উন্নয়ন আন্দোলন’ এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
ব্যানারে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টা থেকে লিংক রোডের মূল সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে চট্টগ্রাম ও টেকনাফমুখী যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
আন্দোলনকারীরা জানান, কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কটি এ অঞ্চলের একমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। পর্যটনকেন্দ্র কক্সবাজার, রোহিঙ্গা শরণার্থী কার্যক্রম, অর্থনৈতিক অঞ্চল ও চলমান মেগা প্রকল্পের কারণে প্রতিদিন লাখের বেশি মানুষের যাতায়াত এই সড়কেই। কিন্তু সড়কটি দুই লেন হওয়ায় দুর্ঘটনা ও যানজট নিত্যদিনের ঘটনা। তাই অবিলম্বে মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার বিকল্প নেই।
কর্মসূচিতে নেতারা আরও বলেন, আগামী ২০ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে দৃশ্যমান কোনো কাজ শুরু না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। জনগণের দাবি উপেক্ষা করা হলে লাগাতার কর্মসূচিসহ বড় ধরনের অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তারা।
এদিকে ব্লকেড ঘিরে পুলিশ ও প্রশাসনের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। তবে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য যে, প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সমন্বয় টিমের সাথে সমন্বয় করে এই নির্দলীয় জনগুরুত্বপূর্ণ দাবি আদায়ের আন্দোলন স্থগিত করা হয়েছে।



