মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
দীর্ঘ সাড়ে তিন বছর পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব ফিরে পেলেন নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ।

গত ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। পরে নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করে দীর্ঘ আইনি লড়াইয়ের পর চেয়ারম্যান পদ ফিরে পান আজাদ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জেলা প্রশাসক কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান। পরদিন বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রশাসক আব্দুল আহাদের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, বিএনপির সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিল্কী, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, ইউপি সদস্য সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামীণ ঐতিহ্যের লাঠিখেলা প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ওই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. সাফায়াত উল্লাহ রয়েলকে ৩৫ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলাফলে তিনি পান ৫ হাজার ২২৬ ভোট এবং আবু তাহের আজাদ (আনারস প্রতীক) পান ৫ হাজার ১৯১ ভোট।
ফলাফলের বিরুদ্ধে আপত্তি জানিয়ে আবু তাহের নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় পুনরায় ভোট গণনার দাবি জানানো হলেও প্রথমে তা খারিজ হয়। পরবর্তীতে আপিলে আদালত ভোট পুনর্গণনার নির্দেশ দেন। গত ৭ আগস্ট প্রকাশ্য আদালতে পুনরায় গণনায় আবু তাহের আজাদ প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮৩৮ ভোট বেশি পান। এ অবস্থায় আদালত তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
আবু তাহের আজাদ বর্তমানে মদন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি। এর আগে তিনি উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।



