হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে হোসেনপুর উপজেলা প্রেসক্লাব ও জনদুর্ভোগ নিরশনে নাগরিক কমিটি।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ কে এম মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন এক যৌথ বার্তায় বলেন, দুর্গা পূজা হোক শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের উৎসব। তারা আরও জানান, পূজাকে ঘিরে প্রশাসনের সঙ্গে যৌথভাবে সার্বিক সহযোগিতা করবে উপজেলা প্রেসক্লাব ও নাগরিক কমিটি। এ সময় নেতৃবৃন্দ আহ্বান জানান, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরবিগ্নে উৎসব পালন করতে পারেন। তবে পূজা পালন করতে গিয়ে যেন অন্য ধর্মীয় আচার-অনুষ্ঠান, বিশেষ করে নামাজ ও আজানের সময় কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। আজান বা নামাজের সময় সাউন্ড বক্স কিংবা উচ্চ শব্দ ব্যবহার না করারও আহবান জানান তারা। কোনো সমস্যায় পড়লে উপজেলা প্রশাসন, প্রেসক্লাব কিংবা নাগরিক সংগঠনকে জানানোর অনুরোধও করা হয়। নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির বলেন, “হোসেনপুরে দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়ের নানা ধর্মীয় অনুষ্ঠানে সম্প্রীতির বন্ধন বজায় আছে। এবারের পূজাতেও সেটি অব্যাহত থাকবে। আমরা হিন্দু সম্প্রদায়কে সংখ্যালঘু মনে করি না, তারা আমাদের মতোই বাংলাদেশি। শারদীয় এই উৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে চলছে সাজসজ্জা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে।



