মোঃ গোলাম সারওয়ার , মুরাদনগর (কুমিল্লা):
কুমিল্লার মুরাদনগরে মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এমপির স্বেচ্ছাধীন তহবিল থেকে ৪৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ১০ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে অসহায়, দুস্থ, অসচ্ছল ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী কাজী জুন্নুন বসরী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি নায়েব আলী, উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে প্রদত্ত এ অনুদান শুধু আর্থিক সহায়তাই নয়, বরং সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সরকারের দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ। তারা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে ৪৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে মোট ১০ লাখ টাকার অনুদান তুলে দেওয়া হয়।


