মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা
সঞ্চালনা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক
বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তামশিদ ইরাম খান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ মোজাম্মেল হক এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের যে চেতনা রয়েছে তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটবে। একইসঙ্গে নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠান শেষে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা এবং সবুজায়নে ভূমিকা রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


