মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নেত্রকোনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের সঞ্চালনায় সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও বিদ্যুৎসহ অন্যান্য সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন শাহরিয়ার, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম হিলালী, জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিল্কী, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার দাস, জেলা আনসার কমান্ডার জিন্নাতুল ইসলাম, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম, র্যাব-১৪ এর ডিএডি জুলহাস, পল্লী বিদ্যুতের জি এম আকরাম হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. তৌহিদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে একইদিন বিকাল ৩টায় জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় জেলার দশ উপজেলার ওসি এবং পূজা কমিটির নেতারা অংশ নেন।
মতবিনিময় সভায় পূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার, শোভাযাত্রা ও মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং করণীয়-বর্জনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা নেত্রকোনায় শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


