মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
নেত্রকোণা পূর্বধলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের অভিযানে ভারতীয় ভদকা মদসহ এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই এলাকায় দুর্গাপুর-ময়মনসিংহ সড়কের উপর এ অভিযান চালানো হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের তত্ত্বাবধানে গঠিত রেইডিং টিম সন্দেহভাজন একটি অটোরিকশা তল্লাশি করে। এসময় অটোরিকশার গোপন চেম্বার থেকে ৩৭ বোতল (মোট ১৩ লিটার ৮৭৫ মি.লি.) অবৈধ ভারতীয় ‘আইস ভদকা’ মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে অটোরিকশাটিও জব্দ করা হয়।
আটককৃত যুবকের নাম মো. মাসুম মিয়া (২২)। তিনি নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার রংছাতি ইউনিয়নের পুলিয়া রাজনগর গ্রামের শবদুল মিয়ার ছেলে।
ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মো. আনিছুল ইসলাম চৌধুরী বাদী হয়ে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের করেন।


