পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় পিতার বসতঘরের ইট, টিনসহ বিভিন্ন নির্মাণসামগ্রী আত্মসাতের অভিযোগ উঠেছে সামিনুর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে অভিযোগটি অস্বীকার করেছেন সামিনুরের স্ত্রী ও বড় ভাই। একই সঙ্গে স্থানীয় কয়েকজন বাসিন্দাও দাবি করেছেন, সামিনুর এসব মালামাল নিয়ে যাননি।
স্থানীয় সূত্রে জানা যায়, সামিনুর দীর্ঘদিন ধরে গোপালপুর এলাকায় তাঁর পিতার বসতভিটায় বসবাস করতেন। পরবর্তীতে তাঁর পিতা বসতভিটার জমি সৎ ভাইয়ের নামে লিখে দিয়েছেন—এমন বিষয় জানতে পেরে প্রায় এক বছর আগে তিনি ওই বাড়ি ছেড়ে চলে যান। তবে বাড়ি ছেড়ে যাওয়ার সময় তিনি কোনো মালামাল নিয়ে গেছেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য।
সামিনুরের পিতার অভিযোগ, বসতঘরের ইট, টিনসহ বিভিন্ন মালামাল আত্মসাৎ করা হয়েছে, যার সঙ্গে সামিনুর জড়িত। বর্তমানে সামিনুর জেলহাজতে রয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে সামিনুরের স্ত্রী ও বড় ভাই অভিযোগটি অস্বীকার করে বলেন, সামিনুর এসব মালামাল চুরি বা নিয়ে যাননি। স্থানীয় কয়েকজন বাসিন্দাও একই দাবি করে জানান, সামিনুরের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নিয়ে তাঁদের প্রশ্ন রয়েছে।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।



