বান্দরবান, প্রতিনিধি।
কাজ করলেও সমালোচনা থাকবে, না করলেও সমালোচনা থাকবে। তবে সবকিছুকে সামনে রেখে সমালোচনার ঊর্ধ্বে উঠে সরকার পাহাড়ের উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নবনিযুক্ত মন্ত্রী সাচিংপ্রু জেরি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পার্বত্যমন্ত্রী বলেন, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তিন পার্বত্য জেলার স্বাস্থ্য ও শিক্ষা খাতে।
তিনি বলেন, তিন পার্বত্য জেলার পাশাপাশি সমতলের স্বাস্থ্য কমপ্লেক্স গুলোও পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা অবকাঠামো উন্নয়নেও সরকার কার্যকর পদক্ষেপ নেবে।
সাচিংপ্রু জেরি বলেন, পাহাড়ের মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বান্দরবানে আসেন পার্বত্যমন্ত্রী সাচিংপ্রু জেরি। এ সময় বান্দরবানবাসীর উষ্ণ ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এদিকে পার্বত্যমন্ত্রীর আগমনকে ঘিরে বান্দরবান শহর ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের পাশাপাশি স্থানীয়রা মন্ত্রীর কাছে পাহাড়ের মানুষের বিভিন্ন প্রত্যাশা ও দাবির কথাও তুলে ধরেন।


