ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণের লক্ষ্যে ফুলবাড়িয়ায় কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নূর মোহাম্মদ।
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার মোট ৬৩০ জন কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হবে। এদিকে কৃষকদের কাছ থেকে মোট ২,০০১টি আবেদন জমা পড়ে, যার মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয় প্রাপকদের নাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আ.ন.ম. আতিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার শাহনাজ পারভীন ও অতিরিক্ত কৃষি অফিসার সুমাইয়া আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



