ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জয়পুর মৌজায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় এক পক্ষের আঃ রশিদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে। তিনি জমি পুনরুদ্ধারের চেষ্টা করলে প্রতিপক্ষরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়।
অভিযোগকারী আঃ রশিদ জানান, তার দাদা মৃত গফুর সরকারের নামে জমিটি প্রথমে খতিয়ানভুক্ত ছিল। পরবর্তীতে তার পিতা মৃত অলি উল্লাহ সরকারের নামে রেকর্ড হয়। পরিবারটি নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছিলেন। প্রায় ১০ বছর আগে স্থানীয় কয়েকজন ব্যক্তি উক্ত জমি দখল করে নেয়। একাধিকবার স্থানীয় সালিশ হলেও বিবাদীরা জমি ছাড়তে অস্বীকৃতি জানায়।
গত ২৬ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে জমির দখল নিতে গেলে অভিযুক্তরা দা, লাঠি ও লোহার রড নিয়ে হামলার উদ্দেশ্যে এগিয়ে আসে। এতে আঃ রশিদের পরিবারের সদস্যরা প্রাণভয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি আরও জানান, ঘটনাস্থলে স্থানীয় লোকজন উপস্থিত থাকলেও তারাও হুমকির মুখে পড়েন। অভিযুক্তরা পরবর্তীতে জানায়, আবার জমিতে প্রবেশের চেষ্টা করা হলে রক্তক্ষয়ী হামলা চালানো হবে।
জমিটির বিস্তারিত তথ্য অনুযায়ী, এটি এস.এ. খতিয়ান নং ৮২, সি.এস. খতিয়ান নং ৪৭, বি.এস. খতিয়ান নং ৩, সাবেক দাগ নং ২২৮, হাল দাগ নং ২৩৬ এবং জমির পরিমাণ ৩.৮০ শতাংশ।
অভিযোগপত্রে আঃ রশিদ উল্লেখ করেছেন, “আমরা যদি আমাদের নিজস্ব জমিতে প্রবেশ করতে যাই, তাহলে বিবাদীদের পক্ষ থেকে দাঙ্গা, হাঙ্গামা ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তাই দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।”
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুকনুজ্জামান বলেন, “বিষয়টি এএসআই আশরাফুল সিদ্দিক তদন্ত করেছেন। তিনি বর্তমানে প্রশিক্ষণে আছেন। তার কাছ থেকে ফিরে বিস্তারিত তথ্য জানা যাবে।”


