ফেনী প্রতিনিধি
ফেনীর রানিরহাটে ধর্মপ্রাণ মুসল্লিদের মিলনমেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শুক্রবার থেকে শুরু হওয়া এ ইজতেমায় ১১ জেলার লক্ষাধিক সাথী ভাই ও মুসল্লির সমবেত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
ইজতেমা মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে বিরিঞ্চি, পপুলার এবং সোনাপুর ব্রিক ফিল্ডের বিশাল পরিত্যক্ত এলাকা। সেখানে সামিয়ানা টাঙিয়ে তাবলীগ জামাতের নিয়ম অনুযায়ী ধর্মীয় আলোচনা, ইবাদত-বন্দেগি ও দোয়া-মাহফিল চলছে।
ইজতেমা উপলক্ষে এলাকাজুড়ে আয়োজন করা হয়েছে ব্যাপক নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ ও স্বেচ্ছাসেবী সেবার ব্যবস্থা। শনিবার এবং রবিবার প্রধান বয়ানসহ অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে শান্তিপূর্ণ ও সফলভাবে ইজতেমা সম্পন্ন করতে সকলের প্রতি দোয়া ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।



