মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা প্রতিনিধি।।
বরগুনায় ভুল ল্যাব রিপোর্ট তৈরি করে এক শিশুকে গুরুতর ঝুঁকিতে ফেলার অভিযোগে আল্লাহ মালিক হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আবু হাসানসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
২৬ নভেম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভুক্তভোগী শিশু রায়ান বিন ত্বহার পিতা মোঃ রায়হান। আদালত ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ৫ অক্টোবর জন্ডিসে আক্রান্ত রায়ানকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক বিভিন্ন টেস্ট করাতে আল্লাহ মালিক হাসপাতালে পাঠান। সেখানে Prothrombin Time (PT) টেস্টে ৪৯ সেকেন্ড রিপোর্ট আসায় চিকিৎসক জরুরি ওষুধ প্রয়োগ করেন এবং কিছুক্ষণের মধ্যেই শিশুর অবস্থার অবনতি ঘটে।
পরবর্তীতে তাকে দ্রুত ঢাকা শিশু হাসপাতালে নিলে সেখানে পুনরায় PT টেস্টে ১১.৫০ সেকেন্ড পাওয়া যায়। চিকিৎসকরা জানান—বরগুনার রিপোর্ট ভুল হওয়ায় শিশুর ওপর অপ্রয়োজনীয় ওষুধ প্রয়োগ হয়েছে।
বাদীর অভিযোগ, ভুল রিপোর্ট ও অবহেলার কারণে তার সন্তান জীবনহানির ঝুঁকিতে পড়েছিল এবং পরিবার মানসিক ও আর্থিক ক্ষতির শিকার হয়েছে।
অভিযুক্ত এমডি আবু হাসান দাবি করেন, “দুইবার টেস্টে একই ফল এসেছে। ঢাকার রিপোর্টও ভুল হতে পারে।”
সিভিল সার্জন ডাঃ আবুল ফাত্তাহ জানান, তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে; দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ মাসুম বিল্লাহ্
বরগুনা।



