সুজন হোসেনঃ
কুমিল্লার বরুড়ায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সক্ষমতা তৈরির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বরুড়া হাজী নোয়াব আলী পাইলটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ শেষ হয়। এতে বরুড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নেন।
বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই সম্পাদক কামরুজ্জামান জনি’র সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও সনদ বিতরণ করেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ মো: আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে কর্মশালার শুভ উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান রনি, উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট স্কুলের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন।
তিন দিনের প্রশিক্ষণের মূল বিষয়বস্তু বর্তমান যুগের আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় তিন দিনব্যাপী এই কর্মশালায় মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফ্যাক্ট চেকিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রথম দিনে মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিভিন্ন কলাকৌশল ও ব্যবহারিক প্রশিক্ষণ। দ্বিতীয় দিনে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঠিক ব্যবহার এবং এআই সংক্রান্ত ভুয়া তথ্য শনাক্তকরণ ও ফ্যাক্ট চেকিং। পর্বটি পরিচালনা করেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। তৃতীয় দিনে বিস্তারিত ফ্যাক্ট চেকিং পদ্ধতি ও কৌশল শেখান পিআইবির প্রশিক্ষক ও ‘বুম বাংলাদেশ’ এর ফ্যাক্ট চেকার তাওসিফ আকবর। প্রশিক্ষণে বরুড়ার স্থানীয় সংবাদকর্মীদের পাশাপাশি কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দৈনিক আমার শহর-এর সম্পাদক গাজীউল হক সোহাগ, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ, সাবেক সভাপতি মো. আবুল হাসেম, দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকা সম্পাদক তাসলিমা আক্তার, অপরাধ সংবাদ পত্রিকার সম্পাদক জসিম উদ্দীন খোকন’সহ অন্যান্য সাংবাদিকরা অংশ নেন। প্রশিক্ষণের শেষ দিনে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, সাংবাদিকতার নৈতিকতা, প্রশিক্ষণার্থীদের নিজস্ব উপস্থাপনা এবং একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় সনদপত্র তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশন, তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় পিআইবির এই সময়োপযোগী উদ্যোগ স্থানীয় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



