নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
‘সাক্ষরতা ও মানবসম্পদ উন্নয়ন, সমৃদ্ধ হবে দেশ ও জাতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, বাঘাইছড়ির আয়োজনে এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, রাঙামাটি জেলার সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ, জামায়াতে ইসলামীর উপজেলা আমির কবির আহম্মদ, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।
বাঘাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্র সেন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে শুধু সাক্ষরতার হার বাড়ালেই হবে না, শিক্ষার মানোন্নয়নও নিশ্চিত করতে হবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করে তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।
বক্তারা আরও বলেন, দারিদ্র্য, সামাজিক বৈষম্য ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যারা এখনও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তাদের জন্য কার্যকর ও সহজলভ্য শিক্ষা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বাঘাইছড়ি প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


