মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।
সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনে নতুন এ্যাডহক কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে এই কমিটির সবচেয়ে আলোচিত সংযোজন হলেন শ্যামনগরের কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ আলমগীর কবীর রানা, যার অন্তর্ভুক্তিতে জেলার ফুটবল অঙ্গনে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে।
জানা গেছে, জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় ১১ সদস্য বিশিষ্ট একটি এ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটি নির্বাচন আয়োজন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে এবং আগামী ৩১ আগস্ট ২০২৬ এর মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ফুটবল অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও জাতীয় পর্যায়ে খেলার কৃতিত্বের কারণে আলমগীর কবীর রানার অন্তর্ভুক্তি ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় ক্রীড়ানুরাগীরা মনে করছেন, তার নেতৃত্ব ও অভিজ্ঞতা সাতক্ষীরার ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ করে শ্যামনগর উপজেলার এই গর্বিত সন্তান দীর্ঘদিন ধরে দেশের ফুটবলে অবদান রেখে আসছেন। তার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের প্রশাসনিক দায়িত্বে আসা জেলার তরুণ ফুটবলারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
বাফুফে নির্দেশনা দিয়েছে, এ্যাডহক কমিটি জেলার সকল ফুটবল টুর্নামেন্ট আয়োজন, বাফুফের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সার্বিক কার্যক্রম ফেডারেশনের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করবে।
উল্লেখ্য, এ সংক্রান্ত চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, আলমগীর কবীর রানার মতো অভিজ্ঞ ফুটবলারের সম্পৃক্ততায় সাতক্ষীরার ফুটবল নতুন গতি ও সাফল্যের পথে এগিয়ে যাবে।


