বেরোবি প্রতিবেদক: পারভেজ হাসান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি), রংপুরের শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহ বাড়াতে হংকংভিত্তিক সুযোগ-সুবিধা নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বিকেলে একাডেমিক ভবন–২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
বক্তব্যে উপাচার্য বলেন, বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম উন্নত করা বর্তমান সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক হতে শিক্ষার্থীদের এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বেরোবি স্কলারশিপ সাপোর্ট অফিস আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ও হংকংয়ের সিটি ইউনিভার্সিটির পিএইচডি ফেলো শামসুল আলম। বক্তারা হংকংয়ের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহে উচ্চশিক্ষার কাঠামো, বৃত্তির ধরন, গবেষণার সম্ভাবনা, আবেদন–প্রক্রিয়া ও প্রস্তুতিমূলক ধাপ নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে হংকংয়ের আন্তর্জাতিক শিক্ষা পরিবেশ ও সুযোগ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।



