ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাহী সভায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হিসেবে শিক্ষার্থী প্রতিনিধি মনোনয়ন পেয়েছেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।
তার এই অভূতপূর্ব অর্জনে উচ্ছ্বাসে ভাসছে জন্মভূমি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী। স্থানীয় শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন তাকে।
ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান ও সদস্য সাবিকুন্নাহার তামান্নার সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে সিনেটে আসিফের নাম চূড়ান্ত করা হয়।
ভূরুঙ্গামারীর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন—
“ভূরুঙ্গামারীর সন্তান আসিফ আব্দুল্লাহ আমাদের গর্ব। তিনি নতুন প্রজন্মের অনুপ্রেরণা।”
স্থানীয় শিক্ষাবিদরা মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি হওয়া নিঃসন্দেহে এক বিরল সম্মান। তাদের ভাষায়—
“আসিফের এই অর্জন শুধু ডাকসু নয়, পুরো ভূরুঙ্গামারীর জন্যই এক গর্বের বিষয়। তিনি তরুণ সমাজের রোল মডেল হয়ে উঠবেন।”
নিজের প্রতিক্রিয়ায় আসিফ আব্দুল্লাহ বলেন—
“আমি এই মনোনয়নের জন্য কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের কণ্ঠস্বর পৌঁছে দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”


