কুলাউড়া উপজেলা প্রতিনিধি প্রতিনিধি।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজার জামে মসজিদ এলাকায় আজ জুমার নামাজের পর তীব্র রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারীর কুলাউড়া আগমনকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতা সারজিস আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারী আজ মৌলভীবাজারের কুলাউড়া সফরে আসেন এবং রবিরবাজার জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। তাদের এই সফরের খবর পেয়ে আগে থেকেই মসজিদের আশপাশে অবস্থান নেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নামাজ শেষ হওয়া মাত্রই মসজিদের পাশে জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীরা এনসিপি নেতাদের উদ্দেশ্য করে চারদিক থেকে স্লোগান দিতে শুরু করেন। যদিও নেতারা তখন সরাসরি বিক্ষোভকারীদের সামনে ছিলেন না, তবুও তাদের লক্ষ্য করেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভে ফেটে পড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন— “কুলাউড়ার মাটিতে এনসিপির স্থান হবে না”, “এনসিপির আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও”। রাজনৈতিক বিরোধের পাশাপাশি সাম্প্রতিক বন্যার ত্রাণের অর্থ নিয়ে জবাবদিহিতা চেয়ে তারা স্লোগান দেন— “বন্যার টাকার হিসাব দিতে হবে”।
একই সাথে রাজপথ কাঁপিয়ে তারা দলীয় প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সমর্থনে স্লোগান তুলে বলেন— “তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”।
জুমার নামাজের পর মসজিদের পাশে এমন আকস্মিক ও মারমুখী স্লোগানের কারণে পুরো রবিরবাজার এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এনসিপি নেতাদের আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজারের কুলাউড়াজুড়ে এখন চরম রাজনৈতিক উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত যেকোনো সংঘাত এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
#কুলাউড়া #মৌলভীবাজার.


