জুয়েল রানা- উপজেলা প্রতিনিধি, শিবালয়,মানিকগঞ্জ :-
ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত জমকালো ও উৎসবমুখর পরিবেশে ‘শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন’—এর নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা এবং ‘মহাসচিব’ নামক বিশেষ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। একই সাথে অনুষ্ঠানে সংগঠনের সফল মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লার জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লার জন্মদিন উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। উপস্থিত সকল নেতা-কর্মী ও অতিথিবৃন্দ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় সংগঠনের আগামী দিনের সামাজিক ও মানবিক কার্যক্রমের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘মহাসচিব’ নামক বইটির মোড়ক উন্মোচন। বইটি রচনা করেছেন শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোহাগ।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোহাগের লেখা এই বিশেষ গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা তাহেরা খাতুন-এর নামে। মানবসেবায় তার অনন্য অবদান ও দিকনির্দেশনাকে সম্মান জানাতেই এই উৎসর্গ করা হয় বলে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-সচিব ও পরিচালক মোঃ নাজমুল ইসলাম সরকার। তিনি শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন কমিটিকে মানবকল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ প্রান্তে সভাপতির গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি মোঃ মোমের মিয়া। তিনি নতুন কমিটির সকল স্তরের নেতা-নেত্রীদের আন্তরিক অভিনন্দন জানান এবং ফাউন্ডেশনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


