মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,
জাতীয় সংসদে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
এই গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির শীর্ষ পদে তাঁর মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহী জেলা জুড়ে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।গত সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি কমিটি পুনর্গঠনের এই প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এদিকে, অ্যাডভোকেট শফিকুল হক মিলন পানি সম্পদ কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও গভীর অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য ও তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আ.ন.ম সামসুর রহমান মিন্টু।
আজ এক অভিনন্দন বার্তায় তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ.ন.ম সামসুর রহমান মিন্টু বলেন, “অ্যাডভোকেট শফিকুল হক মিলন তৃণমূল থেকে উঠে আসা একজন দূরদর্শী, পরীক্ষিত ও যোগ্য নেতা। পানি সম্পদ মন্ত্রণালয়ের মতো দেশের একটি অতি গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী সংসদীয় কমিটির দায়িত্ব পাওয়ায় তাঁর বলিষ্ঠ নেতৃত্ব জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে আরও জোরালো ভূমিকা রাখবে।”সাবেক মেয়র মিন্টু তাঁর বার্তায় আশা প্রকাশ করে বলেন, উত্তরবঙ্গের সামগ্রিক নদী ব্যবস্থাপনা, পদ্মা নদীর ভাঙন রোধ, নদী খনন, পানি সংরক্ষণ ও আধুনিক সেচ ব্যবস্থার প্রসারে নবনিযুক্ত সভাপতি অত্যন্ত জোরালো ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
বিশেষ করে রাজশাহী অঞ্চলের দীর্ঘদিনের নদী অববাহিকাজনিত সমস্যাগুলো এবার জাতীয় পর্যায়ে অগ্রাধিকার পাবে বলে স্থানীয় সাধারণ মানুষ গভীর প্রত্যাশা ব্যক্ত করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, মিলনের এই শীর্ষ পদ প্রাপ্তির খবর তাঁর নির্বাচনী এলাকা পবা ও মোহনপুরে পৌঁছালে আনন্দ মিছিল বের করেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। এলাকার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাসের খবর পাওয়া গেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শফিকুল হক মিলনের এই নতুন দায়িত্বপ্রাপ্তি রাজশাহী অঞ্চলের টেকসই নদী শাসনে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে।


