ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়িয়া গ্রামে মরিয়ম খাতুন ওরফে সুজাতা কর্মকার বর্মা (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মরিয়ম খাতুন ওরফে সুজাতা কর্মকার বর্মা গিলাবাড়িয়া গ্রামের সনদ কর্মকারের মেয়ে। পরিবারের দেওয়া তথ্য ও থানায় করা লিখিত আবেদনের বরাত দিয়ে জানা যায়, সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের পর মোঃ সাজ্জাদ হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। পরিবারের দাবি, বিয়ের প্রায় চার মাস পর তার মৃত্যু হলো।
থানায় দেওয়া লিখিত আবেদনে মোঃ সৌরভ হোসেন (২১), পিতা—মোঃ নুরুল হোসেন, উল্লেখ করেন, সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তার স্ত্রী মোছাঃ প্রিয়া খাতুন বাড়ির একটি কক্ষে মরিয়মকে দেখতে পান। পরে ডাক-চিৎকার করলে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর আবেদন করা হয়েছে বলে জানা গেছে। তবে এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া যাবে।


