হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ হোসেনপুর–দীপেশ্বর সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা অংশ সৃষ্টি হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী এবং বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি গর্তে জমে থাকায় সড়কের প্রকৃত অবস্থা বোঝা যায় না, ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। শুধু সড়কের বেহাল অবস্থাই নয়, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাও পৌরবাসীর দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে। উপজেলা পরিষদের পূর্ব পাশ থেকে হোসেনপুর গার্লস স্কুল পর্যন্ত সড়কের দুই পাশে পর্যাপ্ত ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির পানির সঙ্গে সুয়ারেজ লাইনের ময়লা মিশে পুরো এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে। সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের ভেতর, উপজেলা মাঠ এবং আশপাশের বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশপথে জলাবদ্ধতার কারণে রোগী, স্বজন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। জরুরি বিভাগে রোগী আনা-নেওয়াতেও বিঘ্ন ঘটে। অন্যদিকে উপজেলা মাঠের বিভিন্ন স্থানে কাদা ও পানি জমে থাকতে দেখা যায়। সেই কাদাপানির মধ্যেই কয়েকজন শিশুকে খেলাধুলা করতে দেখা গেছে, যা স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সুয়ারেজ লাইনের ময়লা পানি যথাযথ ব্যবস্থাপনার অভাবে পৌরসভার পুকুরে গিয়ে পড়ছে। এতে পুকুরের পানি দূষিত হচ্ছে এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। পৌর এলাকার বাসিন্দা কামাল উদ্দিন বলেন, হোসেনপুর–দীপেশ্বর সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে গর্তগুলো ঢেকে যায়। এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সড়ক সংস্কার ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা জরুরি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা খোকন মিয়া বলেন, অসুস্থ মানুষ চিকিৎসা নিতে এসে যদি হাসপাতালের গেটেই পানি ও কাদা মাড়িয়ে ভেতরে ঢুকতে হয়, তাহলে দুর্ভোগ আরও বেড়ে যায়। দ্রুত হাসপাতালের সামনে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা দরকার। স্থানীয়দের ভাষ্য, হোসেনপুর–দীপেশ্বর সড়কটি পৌর এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এ সড়ক ব্যবহার করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু সড়কের নাজুক অবস্থা ও ড্রেনেজ সংকটের কারণে তাদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সড়ক সংস্কার এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে হোসেনপুর পৌর প্রশাসনের অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। এবং
রাস্তার বিষয়টি উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া এটি এলজিইডির আওতাধীন রাস্তা। বিস্তারিত জানতে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগ করতে হবে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। পৌরবাসীর দাবি, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হোসেনপুর–দীপেশ্বর সড়ক টেকসইভাবে সংস্কার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং সুয়ারেজ ব্যবস্থাপনার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। এতে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে এবং পৌরবাসী নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের সুযোগ পাবেন।


