সিরাজুল ইসলাম :জেলা প্রতিনিধি কক্সবাজার,
কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণার চেষ্টা করা এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
পুলিশ জানায়, ২৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আনসার চেকপোস্ট এলাকায় সিভিল পোশাকে এক ব্যক্তি ওয়াকিটকি হাতে ঘোরাফেরা করছিলেন। নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর ASU ইউনিটের সদস্য দাবি করলে স্থানীয়রা সন্দেহ করে তাকে আটক করে থানায় খবর দেন।
উখিয়া থানার রাত্রিকালীন কিলো–০৬ টিমের ইনচার্জ এসআই মো. কামাল হোসেন সরকার ঘটনাস্থলে গিয়ে আটককৃতকে হেফাজতে নেন। পরিচয় যাচাই শেষে জানা যায়, ওই ব্যক্তি প্রকৃত সেনা সদস্য নন।
গ্রেপ্তার যুবকের নাম মো. ইউসুফ আনোয়ার (৩০)। তিনি উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব পাতাবাড়ি এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটি কালো ওয়াকিটকি উদ্ধার করা হয়।
এ ঘটনায় উখিয়া থানায় মামলা নং–৫৯, তারিখ ৩০/০৮/২০২৫ রুজু হয়েছে। শনিবার সকালে ইউসুফ আনোয়ারকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানার দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ইউসুফ আনোয়ার অতীতে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ভাঙিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করেছেন। তবে সাম্প্রতিক ঘটনায় তার উদ্দেশ্য কী ছিল, সেটি খতিয়ে দেখা হচ্ছে।


